সম্পাদক

নিউজ ডেস্ক:

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের মতামত নিয়ে বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলামের দেয়া এসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, দেশের ২৫ তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ প্রদান করেন। সেই অভিভাষণে অন্তর্বতীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল,  সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান সহ সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি তার অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন, যাতে অন্যান্য বিষয়ের সাথে বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণ এর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। অভিভাষণে তিনি উল্লেখ করেছিলেন যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপনের জন্য তিনি শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবেন। তারই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণের মতামত গ্রহণপূর্বক বিচার বিভাগের জন্য একটি পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন সংক্রান্ত প্রস্তাবনা আজ আইন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।’