মোঃ তারেক মিয়া
আজ ২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাল্লা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলা সদরে এক মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর ৪ দলীয় জোট সরকারের শেষ সময়ে রাজধানীর পল্টনে একটি সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঐ দিন পতিত ফ্যাসিস্ট আ.লীগের সভানেত্রী হাসিনার নির্দেশে লগি-বৈঠা নিয়ে সমাবেশে হামলা চায় আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা। শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম কাজ করেছিলো আওয়ামী লীগ। তারা জামায়াত-শিবিরের শহিদ নেতৃবৃন্দের লাশের উপর নৃত্য করে।
আমরা দ্রুত ২৮ অক্টোবরের হামলার ঘটনায় সংশ্লিষ্ট সবার গ্রেফতার ও শাস্তি দাবি করছি। একই সাথে শহীদদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি হাফিজ নুরুল আলম সিদ্দিকী, সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা সেলিম আহমদ, হবিবপুর ইউনিয়ন সভাপতি আইনুল হক, সেক্রেটারি ছালেক মিয়া, শাল্লা ইউনিয়ন সেক্রেটারি হারুন অর রশিদ, বাহাড়া ইউনিয়ন সেক্রেটারি হাফেজ তোফাজ্জল হোসেন, বায়তুলমাল সম্পাদক হাফিজুর রহমান নাঈম প্রমূখ।

