ওমর ফারুক

মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:

ইউএসএআইডি-এর “সবাই মিলে শিখি” প্রকল্পের উদ্যোগে নরসিংদীর মনোহরদীতে একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দিনব্যাপী মনোহরদী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

মনোহরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন, ইউআরসি ইন্স্ট্রাকটর মীর মোহাম্মদ মাজহারুল ইসলাম, ইউএসএআইডির সবাই মিলে শিখি প্রকল্পের চিফ অব পার্টি সাইদা আনিস প্রমুখ।

‘সবাই মিলে শিখি’ প্রকল্পের মূল লক্ষ্য বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিশু, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা জোরদার করা।

দিনব্যাপী এ মেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের জন্য সেবা ও সহায়তার সাথে জড়িত সরকারি-বেসরকারি সংস্থার ১৭টি স্টলে তাদের কার্যক্রম তুলে ধরেন। পরে স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।