
রোববার সকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, যে মানুষটির (মওলানা ভাসানীর) জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না। যে মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না। তার অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে।
কাদের সিদ্দিকী বলেন, অতি সম্প্রতি বাংলাদেশ একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। কিন্তু অতীতকে বর্জন করে, অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চাই, তাহলে তারা আহাম্মকের স্বর্গে বাস করছে। দুদিন পরে তাদেরকেও এ রকম হতে হবে।
তিনি বলেন, মানুষ খুব আশা করেছিল কিন্তু গত এই তিন মাসে মানুষের আশার মতো ফল পাই নাই। সাধারণ মানুষের যে উপার্জন, তারা বাজারে যেতে পারছে না। স্ত্রী-পুত্র পরিবার নিয়ে খেতে পারছে না ভালোভাবে। তারপরেও মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পিরে কামেল, এ রকম অলি এ রকম জনগণের বন্ধু এই উপমহাদেশে খুব কম আছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাকে যেন বেহেস্ত নসিব করেন। তার উসিলাই বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখেন।
বঙ্গবীর বলেন, যারা সরকার চালাচ্ছে তাদেরকে অনুরোধ করব তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্যও চিরস্থায়ী নয়। এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন। দেশের মানুষকে সম্মান করুন। অতীতকে সম্মান করুন। যাদের এই দেশের জন্য অবদান আছে তাদের যথাযথ যোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন।
তিনি আরও বলেন, এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এই রকম ন্যক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেন নাই। যার ফল এটা হয়েছে এবং দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে, এখন যারা আছেন তাদের পরিণতিও খুব ভালো হবে না। এটা আমার বিশ্বাস।
এ সময় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.