নিউজ ডেস্ক
বিচার না হওয়া পর্যন্ত শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
তিনি বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে, তাদের পক্ষে কারও সাফাই গাওয়ার প্রশ্নই আসে না। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা এটা করতে দেব না।
আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।সারজিদ আরও বলেন, এদেশে খুনীদের আর প্রতিষ্ঠিত করা যাবে না।
তিনি বলেন, খুনি হাসিনা সারাজীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতাটাকে আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছিলেন। যেখানে গেছেন সেখানেই তার পরিবার নিয়ে কান্নাকাটি করেছে। তার পরিবারের ১৮ জন মানুষ, আর এই দুই হাজার জন মানুষ না! এদেরকে খুন করার সময় তার বুকটা একটু কাঁপেনি। আজ আমার যে ভাই শহীদ হয়েছে, যে বোন শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের বাবা-মা ভাই বোনকে আমরা কীভাবে সান্ত্বনা দেব?
এর আগে সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের মাঝে অর্থিক সহায়তা দিতে এই আয়োজন করা হয়। বরিশাল বিভাগের ৬ জেলায় ১৩৪ জন শহীদ হয়েছেন জানিয়ে ৭৯ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. আলাউল হাসান, বরিশাল সিভিল সার্জন ডা. মরিয়া হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় বেশ কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

