মাহমুদুল হাসান
নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বিতীয় দিনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হবার খবর পাওয়া গেছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পাঁচদোনা অঞ্চলে আধিপত্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দখলদারিত্ব গড়ে তুলতে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ওরফে লালু মেম্বার এবং বিএনপির সমর্থক মোসাদ্দেক হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা দেখা যাচ্ছিলো। এরই অংশ হিসেবে নেতা-কর্মীদের মধ্যে দ্বিতীয় দিনেও হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণসহ বেশকিছু অস্থায়ী দোকানপাটে হামলা করা হয়। ফলে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনায় দেখাদেয় তীব্র যানজট।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের চলমান বিবাধ নিয়ে দ্বিতীয় দিনে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। দুই পক্ষের উত্তেজিত লোকজন এখনো অবস্থান করছে। তবে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক আছে।