নিউজ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশে বাংলাদেশে ইউএসএআইডির সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ করে দিলেও অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের জন্য অর্থ বরাদ্দ। এজন্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান।

প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের জন্য সাহায্য আমেরিকা বন্ধ করছে না। এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।শফিকুল আলম বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার এ বছরই বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে। এতে ১৭০টি দেশ অংশ নেবে। রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত সম্মেলনের সহ আয়োজক জাতিসংঘ।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করেছেন। রোহিঙ্গাদের পুষ্টি ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন ওই নির্বাহী আদেশের অন্তর্ভুক্ত থাকবে না। এজন্য প্রধান উপদেষ্টা ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এ সহায়তা অব্যাহত থাকবে। আজ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে দেখা করেছেন। তখন এ ধন্যবাদ বার্তা তাদেরকে জানিয়েছেন।