নিউজ ডেস্ক
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় বাবা ও দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্যে দেশবাসীকে সাথে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার আ ম ম নাসির উদ্দীন বলেছেন, শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্টার আন্দোলন করতে চাই। আপনি নিজের জমি যেভাবে পাহারা দেন, নিজের ভোটও সেভাবে পাহারা দেবেন। এবার আপনাদেরকে একটি নিরপেক্ষ, সুন্দর ও ত্রুটিমুক্ত নির্বাচন উপহার দিতে চাই।
তিনি বলেন, আমরা এবার এমন ভোট উৎসব করতে চাই, মানুষ যাতে ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারে। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়।
তিনি বলেন, আগে প্রশাসনের সহযোগিতা আপনারা ঠিকমতো পাননি, এবার আপনারা পাবেন। আমরা চাই একটা নিরপেক্ষ, সুন্দর ত্রুটিমুক্ত নির্বাচন হোক। নির্বাচন কমিশন কারো হুকুম মতো চলবে না, সরকারের চাহিদা অনুযায়ী চলবে না। আইন যে ক্ষমতা দিয়েছে সে অনুযায়ী চলবে।
প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় বলেন, আমরা কারো পক্ষে কাজ করি না, করি না, করবো না। এটা আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

