বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তানিশা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিশা আক্তার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সাবাসপুর গ্রামের আমির হামজার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সব কাজ শেষে বাড়ির পাশের নদীতে গোসল করতে যান তানিশা আক্তার।

এদিকে দীর্ঘক্ষণ তাকে না দেখে সম্ভাব্য সব জায়গা ও নদীর পাড়ে খোঁজাখুঁজি করেও তার সন্ধান করতে পারেনি বাড়ির লোকজন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে বিকালে তার মরদেহ উদ্ধার করে।

পানিতে ডুবে গৃহবধূ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।