
বাঙালির হাজার বছরের সংস্কৃতি আর ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ পহেলা বৈশাখ। প্রকৃতির রূপ বদলের সঙ্গে সঙ্গে এই উৎসব যেন প্রতিবারই বয়ে আনে নতুন এক জাগরণ, নতুন এক প্রত্যাশা।
সেই ধারাবাহিকতায় জামালপুরের ইসলামপুরে সোমবার (১৪ এপ্রিল) বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১৪৩১ বঙ্গাব্দের পহেলা বৈশাখ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। বর্ণিল ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঐতিহ্যবাহী বাংলা প্রতীকে সুসজ্জিত হয়ে শোভাযাত্রাটি ইসলামপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুয়ান ইফতেকার, উপজেলা কৃষি কর্মকর্তা রেজুয়ান আহমেদ, ইসলামপুর থানা পুলিশের সদস্যগণ, ইসলামপুর সরকারি কলেজ, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, জাতীয়তাবাদী দল বিএনপি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এতে উপস্থিত ছিলেন সরকারি ইসলামপুর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোরাদুজ্জামান মুরাদ , পদার্থবিজ্ঞানের বিভাগীয় প্রধান মীনাক্ষী প্রসাদ সাহা, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মনজুরুল ইসলাম, বাংলা বিভাগের অন্যতম শিক্ষক তাজুল ইসলাম, রোভার ডোনের শিক্ষক সুলাইমান হক।এছাড়াও সরকারি জেজেকেএম হাই স্কুল এন্ড কলেজের অন্যতম শিক্ষক জনাব আমজাদ হোসাইন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। বক্তারা বলেন, বৈশাখ শুধু একটি দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয় ও সাংস্কৃতিক চেতনার প্রতীক।নতুন বছর নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে। অতীতের সব গ্লানি মুছে সামনে এগিয়ে যাওয়ার সময় এখন।
সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুয়ান ইফতেকার বলেন,"দেশ থেকে অন্যায়, অবিচার, জঙ্গিবাদ ও সন্ত্রাসের কালো ছায়া দূর হোক – এই হোক আমাদের নতুন বছরের অঙ্গীকার। আমরা চাই নতুন বছরে বৈষম্যহীন একটি সমাজ। যেখানে সবাই সমান সুযোগ-সুবিধা নিয়ে বসবাস করতে পারে।"
উল্লেখ্য, পহেলা বৈশাখ উপলক্ষে ইসলামপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা রকম আয়োজনে মেতে ওঠে। দিনব্যাপী পান্তা-ইলিশের আয়োজন, লোকগীতি, কবিতা পাঠ ও নৃত্য পরিবেশনা।
উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে ইসলামপুর – নববর্ষে উচ্চারিত হয় হাজারো কণ্ঠে একটাই প্রত্যয়: “এসো হে বৈশাখ, এসো এসো।”
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.