জাবির আহম্মেদ জিহাদ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে দোস্ত এইডের উদ্যোগে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও দুস্থ ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌহিদুর রহমান। তিনি বলেন, নদীভাঙনে সর্বস্ব হারানো পরিবারগুলো চরম দুঃসময় পার করছে। সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো এমন সহযোগিতায় এগিয়ে এলে সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন হবে। প্রশাসন সবসময় মানবিক পাশে রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইডের হেড অব একাউন্টস অ্যান্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। তিনি বলেন, দোস্ত এইড সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই এবং স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন।

অনুষ্ঠানে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও আর্থিকভাবে অসচ্ছল ৫০০ পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ, পেয়াজ, আলু, মুড়ি ও চিনি সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।