
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা নিশ্চিত করেছেন যে, বিকাল থেকে তারা যুদ্ধবিরতি কার্যকর করেছেন।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি যুদ্ধবিরতিকে "স্বাগত" জানিয়েছেন। "আমি উভয় পক্ষকে এটি বজায় রাখার জন্য অনুরোধ করছি। উত্তেজনা হ্রাস করাতেই সবার লাভ," তিনি বলেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসাক দার একটি টুইট বার্তায় বলেছেন যে, পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
তিনি লিখেছেন, ''এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময়েই চেষ্টা করে যাচ্ছে এবং কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোস করেনি।''
এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে দেয়া একটি বার্তায় জানান যে, ভারত ও পাকিস্তান- দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে ইসাক দার বলেন, ''যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। আজ বিকাল সাড়ে চারটা থেকে (পাকিস্তানের সময়) যু্দ্ধবিরতি কার্যকর হয়েছে।''
ভারত ঘোষণা করেছে যে স্থানীয় সময় আজ শনিবার বিকেল পাঁচটা থেকে স্থল, বিমান ও নৌ বাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখছে।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, “পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স ভারতীয় সময় তিনটা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে দুই পক্ষই সব ধরনের গুলি-গোলা চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।"
দুই দেশের পক্ষ থেকে দুই দিকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।
দুই ডিজিএমও আবার ১২ তারিখ, সোমবার দুপুর ১২টার সময়ে কথা বলবেন বলে জানান মি. মিশ্রি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.