
নরসিংদীতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, নরসিংদীর আয়োজনে বুধবার (১৪ মে) সকালে সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
ক্রীড়া প্রতিযোগিতায় নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়-এর মোট ৪০ জন খেলোয়াড় অংশ নেয়। এই বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়গণ ছয়টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ইভেন্ট গুলো ছিল—ছেলে বড়দের ১০০ মিটার দৌড়, ছেলে ছোটদের ৭৫ মিটার দৌড়, বল নিক্ষেপ, ফুল কুড়ানো, সতীনের ছেলে (অটিস্টিক শিশুদের জন্য) বোতলে বল নিক্ষেপ এবং বিশেষ আকর্ষণ ছিল অভিভাবকদের ‘ক্ষমতার লড়াই চেয়ার দখল’ খেলাটি।
এই আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যেমন উৎসাহের সঙ্গে অংশ নেয়, তেমনি তাদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক, নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার, অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, এসব শিশুরাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সক্ষমতা তুলে ধরতে এমন আয়োজন অত্যন্ত ইতিবাচক। নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করলে তাদের আত্মবিশ্বাস ও মনোবল আরও বাড়বে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.