নিউজ ডেস্ক
বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে আয়োজিত “সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ এমপিওভুক্ত করণীয়” শীর্ষক ঢাকা বিভাগীয় মতবিনিময় সভা আজ মঙ্গলবার রাজধানীর সুইড বাংলাদেশ প্রধান কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় আহ্বায়ক শারমিন সুলতানা লুনা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশ মেন্টর জাওয়াহেরুল ইসলাম মামুন এবং প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ফোরামের সভাপতি অধ্যক্ষ মোঃ সিমানুর রহমান।
সভার উদ্বোধন করেন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক কাজী ইভানা ফারজানা, সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম খান, অর্থ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মোঃ ইয়াকুব আলী, রংপুর বিভাগের আয়বায়ক নাসরুল আলম, রাজশাহী বিভাগীয় আহ্বায়ক শায়লা আক্তার,পাকুন্দিয়া, কিশোরগঞ্জের প্রধান শিক্ষক ফরমোজা মমতাজ লিলি।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকা বিভাগের পাঁচটি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয়সমূহে কর্মরত শিক্ষক-কর্মচারীরা বছরের পর বছর মানবেতর জীবন যাপন করছেন। সরকারের সহযোগিতা ও নীতিগত সমর্থনের অভাবে এসব প্রতিষ্ঠানের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। তারা জোর দাবি জানান, দ্রুত এই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
সভায় “দয়া নয়, অধিকার চাই” — এই স্লোগানে বক্তারা শিক্ষা ও মানবাধিকারের প্রশ্নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ অব্যাহত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

