
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দায়িত্বপ্রাপ্ত সচিবরা।
মঙ্গলবার (২৭ মে) বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। তার সঙ্গে বৈঠকে সরকারের পক্ষে আরও উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব।
সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সেই সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়।
এদিকে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ (মঙ্গলবার) চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। গত শনিবার (২৪ মে) থেকে শুরু হয় তাদের এই আন্দোলন।
এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভূমি সচিব আমাদের সভায় ডেকেছেন। তার সঙ্গে বৈঠকের ফলাফলের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। আমরা আন্দোলন অব্যাহত রাখা এবং আরও কর্মবিরতিতে যাব কি না- তখন আপনাদের জানিয়ে দেবো।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.