
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ নয়জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৮ মে) রাত সাড়ে ৩টার দিকে কাশিপুর সীমান্তের ৯৪৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়। পরে কাশিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ওই নয়জনকে উদ্ধার করে বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইন করে। পরে টহলরত বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করেন এবং থানায় হস্তান্তর করেন।
পুশইন হওয়া নয়জন হলেন বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা: আমিরন বেগম (৪৫), মেয়ে রুমি খাতুন (২০), জামাতা আপেল (২৯), নাতি হৃদয় (৩), মোছা: মিনা বেগম (৩০), তার স্বামী জয়নাল আবেদীন, মেয়ে জুঁই (১০) ও মীম (৭) এবং ছেলে নুর হামিদ (৭), বাবা আমিনুল ইসলাম। এদের সকলের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বজরের খামার গ্রামে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে বিজিবি পুশ ইন হওয়া নয়জনকে উদ্ধার করে থানায় হস্তান্তর করে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করা হয়েছে। পরে সকলের পরিচয় নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.