
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে এক নারী রাজনৈতিক নেত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মালেকা বেগম, যিনি চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এবং চাঁচড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত রবিবার (১ জুন) সকাল ৯টার দিকে চাঁচড়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ-এর চালের তালিকা জমা দিতে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ মালেকা বেগমের।
তিনি জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গরিব ও অসহায় পরিবারের জন্য ১০ কেজি করে ভিজিএফ চালের একশো জনের একটি তালিকা তিনি ইউপি প্রশাসনিক কর্মকর্তা রিয়াজের কাছে জমা দিতে চেয়েছিলেন। কিন্তু ওই কর্মকর্তা প্রথমে চল্লিশ জনের তালিকা দেওয়ার আশ্বাস দেন। বিষয়টি নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রিয়াজের পক্ষাবলম্বনকারী স্থানীয় কিছু ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে মালেকা বেগম অভিযোগ করেন, বিএনপি চাঁচড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের ছোট ভাই সলিমুল্লাহ হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। তারা প্রথমে তাকে রশি দিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। এরপর পিঠ, মাথা ও মুখে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত সলিমুল্লাহ হাওলাদারের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
চাঁচড়া ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, আমি ঘটনার সময় ইউনিয়ন পরিষদে ছিলাম না। ঘটনাটি পরে জেনেছি এবং কর্তৃপক্ষকে অবহিত করেছি। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, “ঘটনাটি শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.