
আজ (৯ জুন) সোমবার সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,নির্বাচন কমিশন এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সামনে রেখে যথাসময়ে রোডম্যাপ প্রকাশ করবে।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের সম্ভাব্য সময় এপ্রিলের প্রথমার্ধে নির্ধারিত হওয়ায় নির্বাচন কমিশন সে অনুযায়ী রোডম্যাপ দেবে। আগে অনেকের ধারণা ছিল, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। কিন্তু এখন তো প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় স্পষ্ট করে দিয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমরা বহু জনকল্যাণমূলক কাজ করতে চাই, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় অনেক সময় মানুষের দৈনন্দিন সেবা ব্যাহত হচ্ছে। তাই এই দিকটা বিবেচনায় এনে নির্বাচন কমিশনকে আমরা স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিতে পারি। সরকার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগে থেকেই ইতিবাচক অবস্থানে রয়েছে।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার ভিত্তিহীন গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে, তখন তা দুঃখজনক হয়ে দাঁড়ায়। অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেও এসব গুজব ছড়ানো হয়।
এসময় কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.