হযরত বেল্লাল
গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজা সাইফুল ইসলামের ছুরিকাঘাতে চাচা জিয়ারুল ইসলাম হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্বে গত সোমবার পুলিশ আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-নিহতের ভাই ইব্রাহিম আলী, ভাবী শামছুন্নাহার বেগম এবং ভাতিজা ছামিউল ইসলাম।
গত ১৪ জুন শুক্রবার রাতে বাড়ির গাছের আম পাড়াকে কেন্দ্র করে নিহতের বড় ভাই ইব্রাহিম আলী তার মা নছিরন বেওয়াকে গালমন্দ করেন। এনিয়ে নিহত জিয়ারুল ইসলামের সাথে বড় ভাই ইব্রাহিম আলীর বাকবিতন্ডা হয়। রাতে ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম বাড়িতে এসে বিষয়টি জানতে পেয়ে পিতার অপমানের প্রতিশোধ নিতে চাচা জিয়ারুল ইসলামকে এলাপাতারি ছুরিকাঘাত করে। এ সময় জিয়ারুলকে বাঁচাতে স্ত্রী আছমা বেগম এবং ছেলে ইসমাইল হোসেন এগিয়ে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে সাইফুল পালিয়ে যায়। ঘটনাস্থলেই জিয়ারুলের মৃত্যু হয়। এনিয়ে নিহতের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে ৫ জনের নামসহ ২-৩ জন অজ্ঞতানামা আসামির নাম উল্লেখ করে থানায় মামলা করে।
থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. সেলিম রেজা বলেন, আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

