
ভোলা জেলার দ্বীপ উপজেলা মনপুরায় সরকারি ছুটির দিন নয় এমন দিনেও অধিকাংশ সরকারি অফিস বন্ধ থাকতে দেখা গেছে। সরেজমিনে ঘুরে স্থানীয় সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে এই চিত্র। খোলা থাকা কয়েকটি দপ্তরেও ছিল না কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি।
অনুসন্ধানে দেখা গেছে, উপজেলা মৎস্য অফিস, যুব উন্নয়ন অফিস, পল্লী উন্নয়ন ও সঞ্চয় ব্যাংক, নির্বাচন অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউএনও কার্যালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অফিস, পরিবার পরিকল্পনা অফিস ও পশু হাসপাতাল খোলা থাকলেও সেগুলো ছিল কার্যত জনশূন্য। অন্যদিকে, বেশিরভাগ অফিস তালা ঝুলিয়ে বন্ধ ছিল। এমনকি কিছু অফিসে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি, যা প্রশাসনিক শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন।
স্থানীয় সূত্র জানায়, অনেক দপ্তরের প্রধান কর্মকর্তারা মনপুরায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর্মরত। তবে চাকরি বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব নেওয়া মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়। তদুপরি, এই দায়িত্ব পালনের জন্য সরকার থেকে দ্বীপ ভাতা প্রদান করা হয়। এ নিয়ে মনপুরা নাগরিক ফোরামের আহ্বায়ক ইয়াসিন আরাফাত বলেন, “মনপুরায় প্রায়শই এমন চিত্র দেখা যায়। জনগণ সেবা বঞ্চিত হচ্ছে। আমরা প্রশাসনিক মনিটরিং জোরদার করার দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, "বেশিরভাগ দপ্তরের কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকলেও অফিস চালু রাখা বাধ্যতামূলক। যদি কোনো অফিস বন্ধ থাকে, আপনারা তা তুলে ধরতে পারেন।" উল্লেখ্য, মনপুরা একটি দ্বীপ হওয়ায় সেখানে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দ্বীপ ভাতা পেয়ে থাকেন। এরপরও অফিসে অনুপস্থিতি ও দায়িত্বে গাফিলতি নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.