শাকিব হাসান
বেকারত্ব শব্দটা আজকাল খুবই পরিচিত শব্দ, যখন একজন কর্মক্ষম ব্যক্তি কাজ করার যথেষ্ট ইচ্ছে বা যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কাজ খুঁজে না পায় তখন তাকে বেকার বলে অবহিত করা হয়।
আয়তনে ছোট্ট একটা দেশে লাখ লাখ মানুষ বেকারত্বের বেড়াজালে বন্দী! মধ্যবিত্ত পরিবারের স্বশিক্ষিত বেকারই বুঝে সে কতটা নীরব বোবাকান্না স্বযত্নে বন্দী রেখেছে হৃদয় গহীনে, আজকাল সমাজ বেকারদের অনুপ্রেরণার বদলে কটুক্তির তীর ছুড়ে দেয়! যখন বার বার চাকরির পিছু গিয়ে হতাশা নিয়ে ফিরে আসতে হয় তখনই নেমে আসে বিষাদের মেঘ! একসময় কেউ কেউ বাধ্য হয়ে স্বদেশ ছেড়ে পরিবারের মায়া বিসর্জন দিয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে প্রবাসে চলে যায়। সেখানেও কেউবা দালালের বঞ্চনায় নিঃস্ব হয়ে দিশেহারা পথিক! তখন তাহার মন বার বার বলে উঠে। স্বপ্ন আমার গভীর সাগরে প্রচণ্ড ঢেউয়ে, ঝড়ের কবলে ভেসে থাকা এক ভেলা! এই বোবাকান্না থেকে মুক্তি পেতে হলে শুধু সরকার বা প্রতিষ্ঠান নয় বরং আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে।
নবীনদের এখনই দক্ষ মানবসম্পদে পরিণত হতে হবে। কোনো পেশাকে ছোট করে না দেখে, আত্মনির্ভরশীল হওয়ার দিকে সবাইকে এগোতে হবে। তবেই গড়ে উঠবে একটি কর্মমুখর, সম্মানজনক সমাজ – যেখানে বেকারত্ব থাকবে না, থাকবে স্বপ্ন ও সম্ভাবনার জয়গান।

