নিউজ ডেস্ক
মাইলস্টোন স্কুল অ্যন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার। স্থগিত এই পরীক্ষা দুইটি একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান।
তিনি জানান, ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকেলে নেওয়া হবে। তবে কবে এই দুই পরীক্ষা নেওয়া হবে এখনো সেই সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেব। তবে ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে নেওয়া হবে।
রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করে সরকার। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে রাত ৩টায় ওইদিনের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় সরকার। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। মঙ্গলবার দিনভর উপদেষ্টার পদত্যাগ চেয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এসবের মধ্যেই মঙ্গলবার বিকেলের দিকে ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে।

