মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৪ জুলাই, বৃহঃবার সকাল ১১ টায় ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ফুলবাড়ী উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধনে ২৬ টি কিন্ডারগার্টেনের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

এতে বক্তব্য রাখেন উন্মেষ প্রিক্যাডেট স্কুল, ফুলবাড়ীর প্রধান শিক্ষক নুর জামাল হক, ফুলবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রংধনু ইন্টারন্যাশনাল প্রিক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুল হক, উপজেলা প্রশাসন স্কুল শিশু কাননের ভারপ্রাপ্ত পরিচালক হাবিবুর রহমান হাবিব।

বক্তারা সম্প্রতি জারিকৃত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল করে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়ার দাবি জানান। জানাগেছে, ফুলবাড়ী উপজেলায় ২৬ টি কিন্ডারগার্টেন স্কুলে ২ শত ৭৫ জন শিক্ষক কর্মরত আছেন। এ স্কুলগুলোতে প্রায় ৪ হাজার শিক্ষার্থী অধ্যায়ন করছে।