
আহসানুল হক নয়ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর বাজারে এক পরামর্শ সভা শেষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
লিফলেট বিতরণে অংশ নেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল। পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিথিল বলেন, “আমি যদি বিএনপি থেকে মনোনয়ন পাই এবং বিজয়ী হতে পারি, তবে আগামী পাঁচ বছর এমপি নয় বরং আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সাম্প্রতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। এখন সেই স্বপ্ন পূরণ হবে তখনই, যখন আমরা যোগ্য নেতাকে বেছে নিতে পারব।” সভায় সভাপতিত্ব করেন রামরাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মো. ফিরোজ মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ মনিরুল ইসলাম চয়ন, দৈনিক ব্রাহ্মণবাড়িয়া প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এমদাদুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রিফাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভা শেষে বাজারে লিফলেট বিতরণ করা হয়।

