নিউজ ডেস্ক
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞপনের তথ্য অনুযায়ী, চলতি দায়িত্বে থাকা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মর্যাদার ১২ জনকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ৬ জনকে নিয়মিত ডিআইজি করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার মর্যাদার ১৪ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের বর্ণিত কর্মস্থলে বদলি করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে বরগুনার পুলিশ সুপার, পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে বাগেরহাট, পুলিশ অধিদপ্তরের মো. মেনহাজুল আলমকে নরসিংদীর পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে মেহেরপুরের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে নড়াইলের পুলিশ সুপার, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে নাটোরের পুলিশ সুপার করা হয়েছে।

