ইয়াসিন আলী
কুড়িগ্রাম সদর প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক সাব-ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন ও কচাকাটা থানার ওসি লুৎফর রহমান উপস্থিত ছিলেন।জানা যায়, স্থানীয় কৃষক জাহাঙ্গীর আলম সকালে গাবতলা বাজারে ইউরিয়া সার কিনতে গেলে ডিলার আব্দুস ছামাদ, সাহাজাদী ট্রেডার্সের মালিক, সরকার নির্ধারিত ১ হাজার ৩৫০ টাকার বদলে প্রতি বস্তা (৫০ কেজি) ১ হাজার ৮০০ টাকা দাবি করেন।

এ ঘটনায় কৃষকদের সঙ্গে ডিলারের লোকজনের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরবর্তীতে কৃষি কর্মকর্তাদের তদন্তে দাম বেশি নেওয়ার প্রমাণ মেলে। এরপর দুপুরে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ওই ডিলারকে জরিমানা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন,নাগেশ্বরীতে পর্যাপ্ত সার মজুদ আছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করছে। এ ধরনের অনিয়ম ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।