মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজমিরীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দুপুর ১২ টায় আজমিরীগঞ্জ বিএনপির দলীয় কার্যলয়ে উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আজমিরীগঞ্জ শাখার আহ্বায়ক অভিরাম দাস এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সদস্য সচিব স্বপন বণিক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন।

এছাড়াও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ আজমিরীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্য বলেন “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী রাজনৈতিক সংগঠন। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দলটি বরাবরই অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। অতীতের মতো বর্তমানে ও ভবিষ্যতেও বিএনপির নেতাকর্মীরা এই উৎসবের সময় সব ধরনের সহায়তা ও সহযোগিতায় পাশে থাকবে। পূজার সময় যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকে, সেজন্য আমরা পূজা কমিটিগুলোর পাশে আছি এবং থাকব।”