মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখা। আজ শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে ওই কর্মসূচি পালিত হয়।

মিছিলটি পৌর শহরের বালিয়া মোড় থেকে শুরু হয়ে ফুলপুর হাসপাতাল, আমুয়াকান্দা মোড়, আমুয়াকান্দা ডাবল ব্রিজ, বাসস্ট্যান্ড ও গোল চত্বর হয়ে আঞ্জুমান সুপার মার্কেটের সামনে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

এতে বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজীমুদ্দীন শাহ জামালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি মুহাম্মাদুল্লাহ হুমাইদী। বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিস-ঘোষিত অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়।

আওয়ামী লীগের দোসর ভারতের আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা। এছাড়া এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখা, বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখার সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।