আবদুর রহমান
সম্পাদক

নরসিংদী জেলার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন বছরেরও অধিক সময় ধরে পরিচ্ছন্নতাকর্মী তারেকের সেবায় চিকিৎসাধীন অজ্ঞাতনামা এক বৃদ্ধার পরিচয় অবশেষে শনাক্ত হয়েছে।

আজ সকালে এক প্রতিবেদনের সূত্র ধরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নরসিংদী জেলার ক্রাইমসিন টিম স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে বৃদ্ধার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় তার পরিচয় উদ্ঘাটন করা সম্ভব হয়।

শনাক্তকৃত ব্যক্তির নাম মোঃ মতিউর রহমান। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানাধীন মরজাল ইউনিয়নের নবুয়ারচর গ্রামের (রোকন উদ্দিনের বাড়ি) হাছেন আলী ও সামু বিবির সন্তান।

জানা যায়, ২০২৩ সালের জুলাই মাসে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে দুর্ঘটনার পর থেকে তার নিজের পরিচয় দেওয়া সম্ভব হয়নি এবং পরিবারের কেউ তাকে খুঁজে পাননি।

এই দীর্ঘ সময় ধরে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী জনাব তারেক মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে নিজ অর্থায়নে কাপড় কিনে দেন, সরকারি পরিত্যক্ত খাটিয়ায় আশ্রয় দেন এবং নিজের ও হাসপাতালের খাবার ভাগ করে তাকে বাঁচিয়ে রাখেন।

পরবর্তীতে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি), পিবিআই নরসিংদীর নির্দেশে ক্রাইমসিন টিম বৃদ্ধাকে এম্বুলেন্সযোগে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

স্থানীয়ভাবে ঘটনাটি আলোচনার জন্ম দিয়েছে এবং মানবিক সহায়তা প্রদানের জন্য জনাব তারেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই।