মোঃ শাহাদাত হোসাইন
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম।
সোমবার ( ৬ অক্টোবর) বেলা ১১:০০ টায় শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের শেরে বাংলা রোডে অবস্থিত ইসলামি ব্যাংকের ফটকে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন শতাধিক ইসলামি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের গ্রাহক। ইসলামি ব্যাংক গ্রাহক ফোরামের সাথে একাত্মতা প্রকাশ করে একই সময়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ।
ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশি পরিষদ। এসময় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের পক্ষে মানববন্ধনে অংশ নেওয়া রেজাউল ইসলাম সাগর বলেন, ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে।
পাশাপাশি এস আলম কর্তৃক পাচারকৃত কয়েক কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে।
বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশি পরিষদের পক্ষে ইমাম হাওলাদার বলেন, যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সেইসাথে ব্যাংকিং সেক্টরে অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ প্রদানের ব্যবস্থা করতে হবে।

