নিউজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘সেইফ এক্সিটের কথা কি আর বলব ভাই। সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক।’
শুক্রবার ( ১০ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘দেশে গন্ডগোল লাগলে উপদেষ্টারা বিদেশেও চলে যেতে পারবেন। পারবেন না আপনি, পারব না আমি। আমাদের কোনো দেশে ভিসা লাগানো নাই। সরকারকে অনুরোধ করি এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অপকর্মে জড়াবেন না, এমন কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেইফ এক্সিটের প্রয়োজন হতে পারে।’
তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এটা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। অনেকেই মনে করেন আওয়ামী লীগ নেই তাই নির্বাচন সহজ হবে। এত সহজ হবে না। এখন থেকেই আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের আগামীর বাংলাদেশ হবে চাল সস্তা, ডাল সস্তা, নিরাপদ রাস্তার বাংলাদেশ। আমাদের আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের চাকরি ও অর্থনৈতিক নিরাপত্তা এবং বেকার ভাতার বাংলাদেশ। ঘরে ঘরে দক্ষ জনশক্তি তৈরির বাংলাদেশ।

