নিউজ ডেস্ক
রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমের পৌঁছেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক রোম ফিউমিসিনো বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।
এরআগে, বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা দেন।
সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

