মোঃ হাছনাইন
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন মহড়া প্রদর্শন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিপিপি’র চেয়ারম্যান টুটুল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, তজুমদ্দিন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল হক মুরাদ, সাবেক সভাপতি রফিক সাদী এবং ফায়ার স্টেশন মাস্টার মোখলেসুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাজাহান মিয়া, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক হেলান লিটন ও ফারুক, সদস্য রুবেল চক্রবর্তী, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রনি, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, সদস্য মিরাজ উদ্দিন ও মমিনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার ফাইটার, সিপিপি টিম লিডার ও সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এ দিবসটি পালন করা হয়। আগাম প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। বক্তারা আরও বলেন, একসময় বাংলাদেশে দুর্যোগে ব্যাপক প্রাণহানি ঘটলেও বর্তমান সরকারের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে।