মোঃ হাছনাইন
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক বনায়নের লক্ষ্যে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫, সকালে তজুমদ্দিন উপজেলা বন বিভাগের উদ্যোগে উপজেলা বন বিভাগ অফিস প্রাঙ্গণে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন বিভাগের শশীগঞ্জ বীট অফিসার মোজাম্মেল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পরিমল চন্দ্র দাসসহ বন বিভাগের কর্মচারীরা। এছাড়াও চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শুভ দেবনাথ বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণে অংশ নিতে হবে। একটি গাছ শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

শশীগঞ্জ বীট অফিসার মোজাম্মেল হক জানান, তজুমদ্দিনের মোট সাতটি শিক্ষা প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এর মধ্যে প্রথম দিনে তিনটি প্রতিষ্ঠানের ১০ জন করে শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করা হয়েছে। ধাপে ধাপে অন্যান্য প্রতিষ্ঠানেও চারা বিতরণ সম্পন্ন করা হবে।