
ওমর ফারুক
“উন্নত বিশ্বের জন্য ভাগ করা দৃষ্টিভঙ্গি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে উদযাপিত হয়েছে বিশ্ব মান দিবস ২০২৫
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী আঞ্চলিক অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন, বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপারের প্রতিনিধি নরসিংদী সদর (সার্কেল) শামীম আনেয়ার, পিপিএম এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সুজিত সাহা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।
বক্তারা বলেন, পণ্যের গুণগত মান নিশ্চিত করা কেবল অর্থনৈতিক উন্নয়নের জন্য নয়, বরং জনগণের নিরাপত্তা ও আস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদন ও ভোক্তা সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।
সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করে জেলা প্রশাসন, নরসিংদী, এবং আয়োজন করে বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিস।

