
দেশে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেছে নরসিংদী শহর জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নরসিংদী প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দলটির নেতৃবৃন্দ এসব দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর কেউ পেশিশক্তি বা কেন্দ্র দখলের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করতে পারবে না। এতে প্রকৃত অর্থে জনগণের অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।” তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এলেও এখনো জনগণের ভোটের অধিকার সুরক্ষিত হয়নি।
“কেউ রাতের ভোট দিনে করেছে, কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতা দখল করেছে—এসব অব্যবস্থা দূর করতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচনী কাঠামো প্রয়োজন,” বলেন বক্তারা। নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন এবং ছোট-বড় সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান। তারা আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মজলুম জনতার বিজয় অর্জিত হয়েছে। এখন সময় এসেছে জনগণের অধিকার সুরক্ষিত করার। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকারকে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন নরসিংদী পৌর জামায়াতের আমীর আজিজুর রহমান। বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মোসলেহুদ্দীন, জেনারেল সেক্রেটারি ও পলাশ আসনের সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি জেনারেল মকবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমির এবং নরসিংদী সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভূঁইয়া। এ সময় নরসিংদী সদর উপজেলা জামায়াতের আমীর মাহফুজ ভূঁইয়াসহ জামায়াত ও এর অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.