মোঃ নিজামুল ইসলাম
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি


দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে অবস্থিত আজিজ কো-অপারেটিভ ব্যাংক শাখার ম্যানেজার মোঃ ওমর ফারুক গ্রাহকদের লাখ লাখ টাকা আত্মসাৎ করে পলাতক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় গ্রাহক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুক দীর্ঘদিন ধরে ব্যাংকের পাকেরহাট শাখায় দায়িত্বে ছিলেন। তিনি বিভিন্ন সময় গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়, ঋণ পরিশোধ ও আমানতের নামে নগদ টাকা গ্রহণ করতেন। কিন্তু গত কয়েকদিন ধরে তিনি ব্যাংকে অনুপস্থিত থাকায় গ্রাহকরা সন্দেহ প্রকাশ করেন।

পরে ব্যাংকের কর্মকর্তারা খোঁজ নিয়ে জানতে পারেন, ম্যানেজার ওমর ফারুক বিপুল অঙ্কের টাকা নিয়ে পালিয়ে গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ৩০ থেকে ৫০ লাখ টাকারও বেশি আত্মসাৎ করেছেন।

ঘটনার পর ব্যাংকের পাকেরহাট শাখা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তে নেমেছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনও তদন্ত শুরু করেছে।

এক ক্ষতিগ্রস্ত গ্রাহক বলেন—ওমর ফারুকের ওপর আমরা অগাধ বিশ্বাস রেখেছিলাম। এখন বুঝতে পারছি আমাদের সমস্ত সঞ্চয় হাতছাড়া হয়ে গেল।”