
অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা আরও কিছু সময় নিতে চেয়েছিলেন। সংশ্লিষ্ট দুই উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাহফুজ আলম এখন পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখাননি এবং সরকারে থেকেই দায়িত্ব পালন করতে চান। অন্যদিকে আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
বিষয়টি নিয়ে তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে গত ১৪ আগস্ট সাংবাদিকদের আসিফ মাহমুদ জানিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। আর ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, ‘দুই মাস ধরে আমি অনিশ্চয়তায় আছি—আমি কখন নেমে যাই, জানি না।’
গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ ২৩ জন সদস্য রয়েছেন, যাদের মধ্যে দুইজন ছাত্র প্রতিনিধি।
জাতীয় নির্বাচন ঘিরে সাম্প্রতিক সময়ে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের সঙ্গে বৈঠকেও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই দাবিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া কয়েকটি দলও প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।
রাজনৈতিক মহলে গুঞ্জন আছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শিগগির বড় ধরনের পরিবর্তন আসতে পারে। রাজনৈতিক দলগুলোর চাপের মুখে ‘বিতর্কিত’ ও ‘দলীয়’ উপদেষ্টাদের সরানোর চিন্তাভাবনাও চলছে বলে জানা গেছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.