বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

“চলো দৌড়াই মাদকের বিরুদ্ধে”—এই অনন্য প্রতিপাদ্যকে সামনে রেখে ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি কিশোরগঞ্জ-এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “হাওর ম্যারাথন ২০২৫”।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে মিঠামইন জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ এই ব্যতিক্রমধর্মী ম্যারাথনে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলার মোট ১০১ জন প্রতিযোগী।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নিকলী উপজেলার মোঃ রাব্বি, দ্বিতীয় স্থান রফি, এবং তৃতীয় স্থান রায়হান। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইয়ুথ এন্ড চাইল্ড সিকিউরিটি কিশোরগঞ্জ জেলা সভাপতি মোঃ শাওন, আর সৌজন্যে ছিলেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন অষ্টগ্রাম ও মিঠামইন থানার অফিসার ইনচার্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, এই হাওর ম্যারাথনের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং স্বাস্থ্যকর জীবনধারার প্রতি আগ্রহ বাড়ানোই ছিল মূল উদ্দেশ্য।