হযরত বেল্লাল
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে আব্দুস সালাম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুলালী বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। দুলালী ওই গ্রামের আব্দুল গণি মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে টিপ টিপ বৃষ্টির মধ্যে সালাম মিয়া আব্দুল গণি মিয়ার গোয়াল ঘরে প্রবেশ করে। কিছুক্ষণ পর দুলালী বেগম ঘুম থেকে উঠে গরু দেখার জন্য সেখানে যান। তাকে সেখানে দেখে বিষয়টি তিনি তার স্বামীকে জানান। এরপর আব্দুল গণি মিয়া প্রতিবেশীদের ডেকে এনে সালামকে রশি দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করেন। এক পর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়লে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। শনিবার সকালে তাকে আবারও মারপিট করার এক পর্যায়ে তার মৃত্যু হয়। সালাম মিয়া একই ইউনিয়নের রামডাকুয়া গ্রামের অমেদ আলীর ছেলে।
ঘটনার খবর পেয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ ও বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, আব্দুস সালাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি দিনরাত ঘুরাঘুরি করতেন এবং হাট-বাজারের সাহায্য নিয়ে সংসার চালাতেন। তার তিনজন সন্তান রয়েছে। তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো চুরি বা ডাকাতির অভিযোগ প্রমাণিত হয়নি। স্থানীয়রা মনে করছেন, বৃষ্টির কারণে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি জানান, তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রকৃত অপরাধীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

