বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোর থেকে বিকাল পর্যন্ত অবস্থান নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকেই জেলা শহরের পুরান থানা, সদর হাসপাতালের সামনে বটতলা, আখড়া বাজার, জেলা স্মরণী মোড়, নগুয়া শেষ মোড়, বড় বাজার জাহাঙ্গীর মোড়, কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জেলা পরিষদের সামনে এসব গুরুত্বপূর্ণ স্থানে দলটির নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

এসময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিভিন্ন শ্লোগান দেয়। সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন।

এসময় তারা আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখেন। জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, “আমরা শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ চাই। জনগণের জানমাল রক্ষায় জামায়াতের নেতা-কর্মীরা মাঠে আছে। কোনো অরাজকতা বা নাশকতা হলে আমরা তা প্রতিহত করব।