মেহেদী হাসান
নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর আইডিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাত্রী খাদিজা আক্তার হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) দুপুরে আইডিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল ও নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীরা স্মারকলিপিতে জানান— উত্তর বাগহাটা এলাকার মো. হানিফ মিয়ার মেয়ে খাদিজা আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রকাশিত তথ্যানুসারে, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তামিম (পিতা: কাজল মিয়া) ও তার সহযোগীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার প্রয়োজন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা চারটি দাবি জানান—

 হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও তথ্যনির্ভর তদন্ত, প্রধান অভিযুক্ত তামিমসহ সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেপ্তার, ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনালে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তায় প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ।

শিক্ষার্থীরা বলেন,“খাদিজা আমাদের সহপাঠী, আমাদের বোন। তার ন্যায়বিচার না হলে নরসিংদীর কোনো মেয়েই নিরাপদ থাকবে না।”

তারা আরও জানান, “এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে।”

মেয়ের শোকে ভেঙে পড়া খাদিজার বাবা হানিফ মিয়া বলেন,“আমার মেয়ের স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। কিছু নির্মম মানুষ সে স্বপ্ন কেড়ে নিল। আমি শুধু ন্যায়বিচার চাই।”

স্মারকলিপির একটি অনুলিপি জেলা পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন“খাদিজার আত্মার শান্তি এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”