
নরসিংদীতে পালন করা হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন। রঙিন শোভাযাত্রা, নানা আয়োজন ও কৃষকদের প্রাণচাঞ্চল্যে বুধবার দুপুরে শহরজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। প্রধান সড়ক প্রদক্ষিণকারী শোভাযাত্রাকে ঘিরে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রা শেষে ব্রাহ্মন্দী মঞ্জিলখোলা মাঠে ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। উদ্বোধনী পর্বেই মাঠজুড়ে জড়ো হন কৃষক, খামারি, উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আগত দর্শনার্থীরা। পুরো এলাকা পরিণত হয় এক প্রাণচঞ্চল মিলনমেলায়।
মোট ২০টি স্টল নিয়ে আয়োজিত প্রদর্শনীতে দেখা যায় গবাদিপশু, পোলট্রি, দেশীয় উন্নত জাতের নমুনা, আধুনিক খামার প্রযুক্তি, নিরাপদ পশুখাদ্য এবং নতুন উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ। খামারিদের সক্রিয় অংশগ্রহণ প্রদর্শনীস্থলে যোগ করে বাড়তি উদ্দীপনা।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,“দেশীয় জাতের পশু শুধু কৃষির শক্তি নয়, গ্রামীণ অর্থনীতিরও ভিত। সঠিক প্রযুক্তি প্রয়োগ ও প্রশিক্ষণ খামারিদের আরও শক্তিশালী করবে।” তিনি খামারিদের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে সরকারের চলমান বিভিন্ন প্রকল্পের দিক তুলে ধরেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। বক্তারা নিরাপদ পশুখাদ্য উৎপাদন, খামার ব্যবস্থাপনার টেকসই মডেল ও ভবিষ্যৎ বাজার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
সারাদিনব্যাপী কর্মসূচিতে ছিল— প্রদর্শনী পরিদর্শন, খামারিদের অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত সহায়তা প্রদান, ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা এবং নিরাপদ খাদ্য ও টেকসই উৎপাদনবিষয়ক বক্তৃতা।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উদ্ভাবন ও নিরাপদ খাদ্য উৎপাদনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সভাপতি ডা. সাইফুল ইসলাম আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার আশা নিয়ে শেষ হয় নরসিংদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.