হযরত বেল্লাল
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ্ ঈফফাত জাহান তুলি। মঙ্গলবার তিনি দায়িত্ব গ্রহণ করেন।

নতুন ইউএনও উপজেলার কার্যালয়ে পৌঁছালে সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার কৃষ্ণ চন্দ্র রায় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন।

মিজ্ ঈফফাত জাহান তুলি এর আগে নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এটি তাঁর প্রথম কর্মস্থান। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা। কর্মজীবনে তাঁর স্বামীও একজন সরকারি কর্মকর্তা।

অন্যদিকে, সুন্দরগঞ্জ উপজেলা থেকে বিদায়ী ইউএনও রাজ কুমার বিশ্বাস রংপুর সিটি কর্পোরেশনে বদলি হয়েছেন। তিনি প্রায় আট মাস আগে সুন্দরগঞ্জ উপজেলায় যোগদান করেছিলেন। দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমুখী উদ্যোগ গ্রহণ করে স্থানীয় জনগণের প্রশংসা অর্জন করেন।

নতুন ইউএনওর যোগদানকে কেন্দ্র করে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনে এক নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের আশা, তাঁর নেতৃত্বে উপজেলা প্রশাসনের সেবা কার্যক্রম হবে আরও গতিশীল ও জনবান্ধব।