
নরসিংদী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপসের বিরুদ্ধে ভয়াবহ অর্থ কেলেঙ্কারি, ক্ষমতার অপব্যবহার, সিল জালিয়াতি, অবৈধ কমিটি অনুমোদন, সরকারি বিধি লঙ্ঘন এবং নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে অস্বচ্ছ আঁতাতের বিস্তর অভিযোগ উঠেছে।
সরকারি চাকরি বিধান অনুযায়ী তিন বছর অন্তর বদলি হওয়ার নিয়ম থাকলেও প্রায় দুই দশক ধরে তিনি নানা কৌশলে নরসিংদী জেলাতেই অবস্থান করছেন। স্থানীয়দের মতে, তার আচরণে মনে হয় যেন নরসিংদীই তার পৈতৃক ভিটা আর জেলাবাসী ভাড়াটিয়া।
২০২৪ সালের ৩ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক বরাবর দায়ের করা একটি লিখিত অভিযোগে তার বিরুদ্ধে একটি প্রতিবন্ধী সেবামূলক প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট থেকে অবৈধভাবে মোটা অংকের অর্থ আত্মসাত, বৈধ কমিটি বহাল থাকা অবস্থায় উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নিয়ে অবৈধ কমিটি গঠন, নতুন কমিটিকে সংবর্ধনা প্রদানের নামে অনিয়ম, এবং পূর্বের কমিটির সিল জাল করে অর্থ উত্তোলনের তথ্য উঠে আসে।
অভিযোগকারী জানান, মনোহরদীর ওই প্রতিষ্ঠানের ১১৩ শতাংশ জমির উপর গড়ে ওঠা পুনর্বাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের ৩০১ প্রতিবন্ধীর পুনর্বাসন কার্যক্রম দীর্ঘদিন বৈধ কমিটির অধীন চললেও তাপস ও তার সহযোগীরা নতুন একটি কমিটি অনুমোদন করে প্রতিষ্ঠানটির একাউন্ট থেকে বড় অংকের অর্থ তুলে নেন। বিষয়টি জানানো হলে সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাও কোন যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি।


অভিযোগের বিষয়ে জানতে তাপসের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোন তথ্য দিতে অস্বীকৃতি জানান এবং প্রতিনিধির সঙ্গে রূঢ় আচরণ করেন। কথোপকথনের এক পর্যায়ে তিনি অকথ্য ভাষায় গালিগালাজও করেন বলে অভিযোগ রয়েছে।
২০০৫ সালে বেলাব উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে নরসিংদীতে যোগদানের পর অল্প সময় বাদ দিলে প্রায় ২০ বছর ধরে তিনি নরসিংদীতেই বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের প্রশ্ন—নরসিংদীতে কি সেই ‘মধু’ রয়েছে যে নিয়ম ভেঙে তিনি দুই দশক ধরে এখানেই কর্মরত?
তার বিরুদ্ধে একইসাথে দুর্নীতি, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অপকর্ম, সাধারণ মানুষের সাথে অমানবিক আচরণ এবং রাজনৈতিক আঁতাতের অভিযোগ রয়েছে। স্থানীয় সেবামূলক প্রতিষ্ঠান, ভুক্তভোগী নাগরিক ও সমাজসেবা বিভাগের একাধিক কর্মকর্তা তার বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.