নুরুল কবির
চট্টগ্রামের সাতকানিয়ায় ভাতিজার বিরুদ্ধে চাচার ভিটার মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, মাটি কাটার কারণে চাচার নির্মিত ৪ তলা ভবন হেলে পড়ার শঙ্কা তৈরি হয়েছে এবং বাউন্ডারী ওয়ালসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় গত ৩০ নভেম্বর সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন অভিযোগকারী শব্বির আহমদ (৫৫)। তিনি উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচিরপাড়া এলাকার মৃত সাঁচি মিয়ার পুত্র।
অভিযোগে তার তিন ভাতিজা—আবছার উদ্দিন (৪০), রায়হান উদ্দিন (৩৩) এবং মহিউদ্দিন (৩৮)—এর নাম বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, শব্বির আহমদ ও তার বড় ভাই খায়ের আহমদ দস্তিদারহাট এলাকায় একটি ৪ তলা ভবন নির্মাণ করেন, যার পাশেই চার ফুট খালি জায়গা রেখে দেওয়া হয়। পরে ফোরখ আহমদের পুত্র আবছার উদ্দিন ভবনের লাগোয়া কিছু জায়গা ক্রয় করে সেখানে নতুন ভবন নির্মাণের জন্য পাইলিং কাজ শুরু করেন। এ সময় তিনি চাচাদের ভিটার কিছু অংশ ও মাটি কেটে ফেলেন বলে অভিযোগ ওঠে।
এর ফলে ভবনের বাউন্ডারী ওয়ালসহ বিভিন্ন স্থাপনার ক্ষতি হয় এবং প্রায় ৮ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন শব্বির আহমদ। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন সময় আবছার উদ্দিন ও তার ভাইদের নেতৃত্বে হামলার চেষ্টা করা হয়েছে।
অভিযোগকারী শব্বির আহমদ বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে তাকে বিষয়টি বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু তিনি কোন সমাধানে না আসায় নিরুপায় হয়ে ইউএনও মহোদয়ের কাছে অভিযোগ করতে হয়েছে। আশা করি প্রশাসন ব্যবস্থা নিলে সমস্যার সুষ্ঠু সমাধান হবে।”
অন্যদিকে, অভিযুক্ত ১ নম্বর বিবাদী আবছার উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন,“আমার চাচার বাউন্ডারী ওয়াল তিন বছর ধরে হেলে ছিল। গত তিন মাস ধরে তাদেরকে দেয়াল সরানোর অনুরোধ করলেও তারা সরাননি। বাধ্য হয়ে আমাকে নিজ খরচে দেয়াল সরাতে হয়েছে। আমি আন্ডারগ্রাউন্ড রুম নির্মাণ করব। এতে তাদের ওই দেয়াল প্রয়োজন নেই। আমরা কারো কোনো ক্ষতি করিনি, ভবিষ্যতেও করব না।”

