মোঃ হাছনাইন
ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ১১ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যায় এক ভিডিও বার্তায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, “জনগণের প্রত্যাশামাফিক ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের যে তফসিল ঘোষণা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ একে প্রাথমিকভাবে স্বাগত জানায়।” তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। জুলাই গণঅভ্যুত্থানের অংশীদার আটটি দলের দাবি উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের যে চ্যালেঞ্জ নির্বাচন কমিশন নিয়েছে—সে চ্যালেঞ্জ সফলভাবে বাস্তবায়ন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগিতা করবে বলেও জানান। মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, তারা আশা করেছিলেন সরকার ও নির্বাচন কমিশন আটদলের দাবি বিবেচনা করে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করবে। যদিও সেই দাবি গ্রহণ হয়নি, তবে “জাতির বৃহত্তর স্বার্থে আমরা তফসিলকে স্বাগত জানাচ্ছি” বলে তিনি মন্তব্য করেন। তিনি মাঠ প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীন হওয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান।
কোন রাজনৈতিক দলের প্রতি প্রশাসনিক আনুকূল্য দেখানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব জানান, তারা আটদলের সঙ্গে যৌথভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং দলীয় ও জোটগত আলাপ-আলোচনার পর বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে। তবে তফসিলকে প্রাথমিকভাবে স্বাগত জানানোর বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এইসব গণমাধ্যমে পাঠিয়ে জানিয়েছেন।

