বিশেষ প্রতিনিধি
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ ইং) নরসিংদী পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল ফারুকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ তাদের পেশাগত ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার উপস্থিত সদস্যদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে তাৎক্ষণিক ও বাস্তবমুখী সিদ্ধান্ত প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল ফারুক সকল পুলিশ সদস্যকে সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কল্যাণ সভা শেষে নভেম্বর/২০২৫ ইং মাসের কর্মমূল্যায়নের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত অফিসার ও ফোর্সদের মাঝে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন পুলিশ সুপার।
এছাড়াও পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নভেম্বর/২০২৫ ইং মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা ও তা নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল ইউনিটের ইনচার্জসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

