বিশেষ প্রতিনিধি

শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেফতার এবং জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে রাজধানী ঢাকায় জাতীয় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। দলীয় সূত্র জানায়, শহীদ ওসমান হাদিসহ সকল হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তোলার দাবিতে এই জাতীয় মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আমির পীর সাহেব চরমোনাই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, শহীদ ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের এখনো আইনের আওতায় আনতে না পারা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ। এ বিষয়ে তিনি ক্ষোভ ও উষ্মা প্রকাশ করেন। মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঘোষিত মহাসমাবেশের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি তুলে ধরা হবে এবং ইসলাম দেশ ও মানবতার কল্যাণে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশে ন্যায়বিচার ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে অগ্রগতি ঘটবে।