নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে তার সংগঠন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে সেখানে অবস্থান নেন ছাত্র-জনতা। রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করে রেখেছেন এবং এই অবরোধ তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

পরিস্থিতি খারাপ করা হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা।

এর আগে শুক্রবার বিকালে ইনকিলাব মঞ্চ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশের জনগণকে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান করার আহ্বান জানান।

সরেজমিনে দেখা গেছে সন্ধ্যার পরেও বিক্ষোভকারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

কর্মসূচিতে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি হত্যার পেছনে যারা জড়িত, এর যারা পরিকল্পনাকারী, হত্যাকারী— তাদের সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আজকে শাহবাগ অবরোধ করেছি। আগামীকালও করা হবে। সারা বাংলাদেশ থেকে জনতা আসছে।